হবিগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের আহ্বায়ক ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই মৃত্যুর ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালের সামনে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও তার স্বজনসহ প্রশাসনের লোকজনেরা জমতে শুরু করে। এসময় ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে এমন সংবাদ ছড়িয়ে পড়লে সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে কিনা তা জানতে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্য সদস্যরা হলেন- জেলা প্রশাসক, পুলিশ সুপার ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক।
জানা গেছে, গত কয়েকদিন যাবত অসুস্থতা জনিত কারণে তিনি হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি ছিলেন। বিকেলে বেশি অসুস্থতাবোধ করলে তিনি ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান। এসময় অপচিকিৎসার শিকার হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস ও পুলিশ সুপার তারেক মাহমুদসহ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান এবং সেখানে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন।
মঙ্গলবার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের জানাজা হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হুইপ জি কে গউছ বলেন, চিকিৎসায় কোন অবহেলা বা ভুল হয়েছে কিনা সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন।